প্রধানমন্ত্রী ২ মাসে দেশের মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন: মাহদী আমিন

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করেছে বর্তমান বিএনপি সরকার। 

আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের প্রথম দুই মাসের কর্মকাণ্ড তুলে ধরার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দুই মাস পূর্ণ করেছে। একটি স্বচ্ছ ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা জনগণের সামনে তুলে ধরতে এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

মাহদী আমিন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টাকে যথাযথভাবে উপস্থাপন করা।’

‘সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরে অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবেন। বিরোধী দল হট্টগোল ও গুজব ছড়ানোর মতো পথ পরিহার করে গঠনমূলক সহযোগিতায় এগিয়ে আসবে বলে সরকার প্রত্যাশা করে,’ বলেন তিনি।

মাহদী আমিন জানান, ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

‘নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্পে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হচ্ছে,’ যোগ করেন তিনি। 

মাহদী আমিন আরও বলেন, ‘দেশের কৃষক ও কৃষাণিদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে ১০টি সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি জেলার ২২ হাজার কৃষককে এর আওতায় আনা হয়েছে। এছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।’

‘সাংবিধানিক ও আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় স্বল্প সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি করা হয়েছে। মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে উত্থাপন করা হবে,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন ও পুনঃখননের কাজ শুরু হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার ভর্তুকি ও বিশেষ কূটনৈতিক তৎপরতায় জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে।’

তিনি জানান, জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ যুক্ত হয়েছে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

ধর্মীয় সম্প্রীতি ও অধিকারের বিষয়ে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত, অধ্যক্ষ ও যাজকদের সম্মানী প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।’

প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং হজযাত্রার খরচ টিকিট প্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে। সরকারি শূন্য পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।

মাহদী আমিন বলেন, ‘অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারে রূপান্তরের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়ন করা হচ্ছে। বিদেশি বিনিয়োগ সহজীকরণের জন্য ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।’

এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা ও ভর্তি ফি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মাহদী আমিন।

তিনি জানান, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার পাশাপাশি নতুন শ্রমবাজার খুঁজতে ইউরোপের ৭টি দেশের সাথে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন। ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌল্লা সুজনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Latest Posts