টি-২০ বিশ্বকাপের শুরুতেই নেপালের কাছে প্রায় হেরেই যাচ্ছিল ইংল্যান্ড। রোববার মুম্বাইয়ে অল্পের জন্য বড় এক অঘটন থেকে রক্ষা পেয়েছে ইংলিশরা। শেষ ওভারে নেপালের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। কিন্তু স্যাম কারানের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ৫ রান তুলতে পারে নেপাল। ৩৯ রানে অপরাজিত থাকা লোকেশ বাম এবং করণ কেসি কোনো বাউন্ডারি মারতে না পারায় ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এর আগে ব্যাটিংয়ের সময় শেষ ওভারে ইংল্যান্ডের হয়ে ঝড় তুলেছিলেন উইল জ্যাকস। করণের করা সেই ওভারে তিন ছক্কা মেরে তিনি দলকে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ এনে দেন।
ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে জ্যাকস বলেন, ‘আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বুক ধড়ফড় করছিল। তবে স্যাম কারানের ওপর আমার বিশ্বাস ছিল। ও আগেও এমন কঠিন পরিস্থিতি সামলেছে। আজকেও ওর ইয়র্কারগুলো একদম নিখুঁত ছিল এবং চাপের মুখে ও দারুণ বল করেছে।’
১৮৫ রান তাড়া করতে নেমে নেপাল ১৮০ রান পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল নেপাল সহজেই জিতে যাবে। ১৪ ওভার শেষে তাদের রান ছিল ২ উইকেটে ১২৩। দীপেন্দ্র সিং আইরি এবং রোহিত পাউডেল যেভাবে খেলছিলেন, তাতে ইংল্যান্ডের হার নিশ্চিত মনে হচ্ছিল। তবে ১৫তম ওভারে দীপেন্দ্রকে (৪৪) আউট করে খেলা ঘুরিয়ে দেন কারান। পরের ওভারে রোহিতকেও (৩৯) প্যাভিলিয়নে ফেরত পাঠান লিয়াম ডসন।
নেপালের লড়াকু মানসিকতার প্রশংসা করে জ্যাকস বলেন, ‘নেপাল সত্যিই অসাধারণ খেলেছে। আমরা ব্যাটিং করার সময় বুঝেছিলাম উইকেট একটু কঠিন, কিন্তু ওরা আমাদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে জয়ের খুব কাছে চলে গিয়েছিল। ওরা কৌশলগতভাবেও অনেক উন্নতি করেছে এবং আমাদের একদম শেষ সীমা পর্যন্ত পরীক্ষা নিয়েছে।’

