কুখ্যাত ও প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের যাবতীয় কুকর্মের অন্যতম প্রধান সহযোগী ছিলেন গিলেইন ম্যাক্সওয়েল। কারাবন্দী গিলেইনকে আবারও নতুন করে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কংগ্রেস।
আজ সোমবার ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত গিলেইনকে জেরার বিষয়টি এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গিলেইনের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি এপস্টিনের সঙ্গে নারী পাচারে সহায়তা করতেন। ভিডিওলিংকের মাধ্যমে তাকে জেরা করা হবে। জেরা করবে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষণ কমিটি।
সম্প্রতি এপস্টিনের অপরাধের তদন্ত সংশ্লিষ্ট লাখো নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। তবে এসব সরকারি নথির নিরিখে নতুন করে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের বিচারিক প্রক্রিয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
তা সত্ত্বেও, রাজনীতি ও বাণিজ্য খাতের অসংখ্য হর্তাকর্তা ওই কুখ্যাত যৌন নিপীড়কের সঙ্গে সংশ্লিষ্টতার দায় নিয়ে বড় ধরনের কেলেঙ্কারিতে জড়িয়েছেন। কেউ কেউ পদত্যাগও করেছেন।
রিপাবলিকানদের নেতৃত্বাধীন পর্যবেক্ষণ কমিটির তদন্তে দুইটি বিষয় অন্তর্ভুক্ত। আগে কীভাবে এপস্টিনের অপরাধ বিষয়ক তথ্যগুলো সমন্বয় করা হয়েছে এবং তার সঙ্গে কাদের ঘনিষ্ঠ সংযোগ ছিল।
তবে মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনী অনুযায়ী এ ধরনের কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকার করতে পারেন গিলেইন। বিশ্লেষকদের মতে, এ পথেই আগাবেন তিনি।
গিলেইনের আইনজীবীরা তার শাস্তি মওকুফের বিনিময়ে সাক্ষ্য দেওয়ার প্রস্তাব দিলেও কংগ্রেস এতে রাজি হয়নি।
যার ফলে, আইনজীবীরা সাফ জানিয়ে দেন, কোনো প্রশ্নেরই জবাব দেবেন না তাদের ‘মক্কেল’ গিলেইন।
এক চিঠিতে আইনজীবীরা বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে সামনে এগিয়ে গেলে তা একটি খাঁটি রাজনৈতিক নাটক মঞ্চস্থ করা ছাড়া আর কোনো কাজে আসবে না।’
জিজ্ঞাসাবাদের সময় গণমাধ্যমকে প্রবেশাধিকার দেওয়া হবে না।
তবে ইতোমধ্যে মার্কিন কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি ও ডেমোক্র্যাট নেতা রো খান্না জানিয়ে দিয়েছেন তিনি গিলেইনকে কি কি প্রশ্ন করবেন।
ট্রাম্পের সঙ্গে এপস্টিন-গিলেইনের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন থাকবে। এছাড়া, আরও বেশ কয়েকজন সহযোগী ও এপস্টিন আইল্যান্ডে অপ্রাপ্ত বয়স্ক নারীদের নিপীড়ন করেছেন এমন অভিযোগে অভিযুক্ত ২৫ জন পুরুষের বিষয়েও প্রশ্নের মুখে পড়বেন গিলেইন।
দীর্ঘদিন এপস্টিন ও গিলেইনের সঙ্গে ওঠাবসা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে পর্যবেক্ষক কমিটি এখনো বর্তমান রাষ্ট্রপতিকে জেরা করার জন্য ডাকেনি।
এমন কী, এপস্টিনের অপরাধের সঙ্গে জড়িয়ে ট্রাম্পের বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি।
ওই কমিটি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকেও জেরা করবেন।

