দুষ্টচক্র ভোটকেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়: নুরুল হক নুর

একটি ‘দুষ্টচক্র’ ভোটকেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

গতকাল রোববার সন্ধ্যায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নুর ট্রাক মার্কায় নির্বাচন করছেন। 

নুরুল হক নুর বলেন, দেশি-বিদেশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর পটুয়াখালী-৩ আসনের নির্বাচনের দিকে রয়েছে। তার অভিযোগ, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে সাধারণ ভোটারদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। 

নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ভোটারদের অভিযোগ পেলে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে নুর বলেন, চাকরি, কৃষকের ন্যায্য মূল্য, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শিক্ষকদের মর্যাদা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভাতা-বেতন বাড়ানোর দাবিতে তিনি অতীতে আন্দোলন-সংগ্রাম করেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি একাধিকবার হামলা-মামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন।

তিনি বলেন, এই জনপদের উন্নয়নের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এই জনপদের জন্য তারেক রহমান আমাকে প্রতিনিধি করেছেন। নির্বাচিত হয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমি দশমিনা-গলাচিপার উন্নয়ন করতে চাই।

তার হাতকে আরও শক্তিশালী করার অনুরোধ জানিয়ে নুর বলেন, আপনাদের কৃতী সন্তান মরহুম আবদুল বাতেন তালুকদার এমপি হয়ে দশমিনা উপজেলার যে উন্নয়ন করেছেন, তারপর আর এই জনপদে উন্নয়নের ছোঁয়া লাগেনি।  আপনারা ১৯৯১ সালে আবদুল বাতেন তালুকদারকে ভোট না দিয়ে যে ভুল করেছেন তার খেসারত ২০২৪ সাল পর্যন্ত দিয়েছেন। আপনারা পুনরায় এমন ভুল আর করবেন না। আমি এই এলাকার উন্নয়নের জন্য  কাজ করব। 

আগামী ১২ তারিখের ভোটকে ‘ঐতিহাসিক সুযোগ’ আখ্যা দিয়ে নুর ভোটারদের সকালেই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ খান এবং দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু সিকদারসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Articles

Latest Posts