সংস্কার-পরিবর্তনের জন্য সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার ও পরিবর্তনের জন্য জন্য সবাইকে গণভোটে ‘হ্যাঁ’—এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে এক নির্বাচনী সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, যারা সংস্কার চায়, তারা বলবে ‘হ্যাঁ’, আর যারা সংস্কার চায় না, তারা বলবে ‘না’। আপনাদের দুটি ব্যালট দেওয়া হবে— একটাতে থাকবে এমপির ভোট, আরেকটাতে থাকবে গণভোটের ‘হ্যাঁ’—‘না‘ ভোট।

তিনি বলেন, আপনি যদি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন, তাহলে সংস্কারটা হবে, আর যদি ‘না’ ভোট দেন, তাহলে সংস্কার হবে না।  

বিএনপি সংস্কার ও পরিবর্তন চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা সবাই সংস্কার ও পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোটে সিলটা মারব।  

তিনি বলেন, আর মাত্র তিনটা দিন। এরপর, এই ভোটে সিদ্ধান্ত হবে, এই বাংলাদেশটা কি আগের মত চলবে, নাকি নতুন করে সুন্দরভাবে চলবে।  

বিএনপির এই নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান একজন তরুণ। সেই প্রধানমন্ত্রীকে আমরা চাই, যিনি একজন তরুণ, যিনি নতুন চিন্তা-ভাবনা নিয়ে কাজ করবেন। তাই তারেক রহমানকে ধানের শীষে ভোট দিতে হবে।  

সভয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Latest Posts