কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার রাতে আত্মবিশ্বাসী এক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল শ্রীলঙ্কা। শেষ মুহূর্তে দলে ঢোকা কামিন্দু মেন্ডিস হয়ে উঠলেন ম্যাচের টার্নিং পয়েন্ট। তার ঝোড়ো ব্যাটিংয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা।
১৯ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কার ইনিংসে প্রাণ ফেরান কামিন্দু। তার ক্যামিওতেই শেষ দিকে গতি পায় স্কোরবোর্ড, আর শ্রীলঙ্কা দাঁড় করায় লড়াইয়ের পুঁজি ১৬৩ রান।
এরপর বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পিন ত্রয়ী মাহিশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুনিথ ওয়েলালাগে। তিন জনে মিলে আয়ারল্যান্ডের মিডল অর্ডার ভেঙে দিয়ে ৭ উইকেট শিকার করেন, আর তাতেই ম্যাচ কার্যত বেরিয়ে যায় শ্রীলঙ্কার হাতে।
হাসারাঙ্গা ম্যাচে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপে নিজের মোট উইকেট সংখ্যা ৪০-এ পৌঁছে দেন। এই তালিকায় তিনি এখন দ্বিতীয়, তার ওপরে কেবল বাংলাদেশের সাকিব আল হাসান (৫০ উইকেট)। তবে ম্যাচের মাঝপথে দ্বিতীয় ওভার শেষে হ্যামস্ট্রিং সমস্যায় খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। পরে কোটার ওভার শেষ করলেও অস্বস্তিতে চলাফেরা করতে দেখা গিয়েছে।
শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা ছিল মন্থর। ১৪ ওভারে স্কোরবোর্ডে যখন ৪ উইকেটে ৮৬, তখন আয়ারল্যান্ডের স্পিনারদের চাপে বাউন্ডারি যেন হারিয়েই গিয়েছিল। ঠিক তখনই কামিন্দুর আগমন। ৫৭ বলের বাউন্ডারি খরা ভাঙে তার চটপটে রিভার্স সুইপে, এরপর ১৭তম ওভারে একাই ২১ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। অন্য প্রান্তে কুশল মেন্ডিস অপরাজিত হাফ-সেঞ্চুরিতে ইনিংস আগলে রাখেন, আর গড়পড়তা অবস্থান থেকে শ্রীলঙ্কা পৌঁছে যায় সম্মানজনক স্কোরে।
আয়ারল্যান্ডের বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বাঁহাতি স্পিনার জর্জ ডকরেল, ২ উইকেটে মাত্র ১৭ রানের কৃপণ স্পেল।
রান তাড়ায় লোরকান টাকার ও হ্যারি টেক্টরের তৃতীয় উইকেট জুটিতে ৪৯ রান উঠলে ম্যাচে টিকে থাকার স্বপ্ন দেখছিল আয়ারল্যান্ড। কিন্তু ১০৫/২ থেকে হঠাৎ করেই ছন্দ হারায় তারা। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৪৩ রানেই গুটিয়ে যায় দলটি। শেষ ওভারে দুই উইকেট নিয়ে ইনিংসের ইতি টানেন মাথিশা পাতিরানা।

