ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোসনা বেগম (৪০), তার ছেলে আশরাফুল (৫) ও অটোরিকশার চালক মাহবুব মিয়া (৪৫)। আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার মিয়া (৫০) ও তাদের মেয়ে আদিবা (৪)।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, সকালে কাউসার মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কসবা থেকে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন।
পথে বিয়াল্লিশ্বর এলাকায় পেছন দিক থেকে মাছভর্তি পিকআপ ভ্যান তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জোসনা বেগম, তার ছেলে আশরাফুল এবং চালক মাহবুব মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত কাউসার মিয়া ও আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। তাদের আটক করতে পুলিশ কাজ করছে।

