পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

ম্যাচ খেলতে মাঠে গেলেন দুই দলের ক্রিকেটাররা, কিন্তু টসের সময় আর নামল না ব্রাদার্স ইউনিয়ন। নির্দিষ্ট সময়ের অপেক্ষার পর অবশেষে ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক। পরে জানা গেল, পারিশ্রমিকের টাকা না পেয়ে ম্যাচ বয়কট করেছেন ব্রাদার্সের ক্রিকেটাররা। দলটির সিনিয়র ক্রিকেটার সোহাগ গাজী দ্য ডেইলি স্টারকে বিস্তারিত ব্যাখ্যা করে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেএসপির চার নম্বর মাঠে শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে অগ্রণী ব্যাংক ও ব্রাদার্সের ম্যাচ ছিল। কিন্তু ব্রাদার্সের খেলোয়াড়রা কর্মকর্তাদের সঙ্গে বকেয়া নিয়ে দ্বন্দ্বে মাঠে না নামায় ওয়াকওভারের মতো বিব্রতকর ঘটনা ঘটে।

এই ব্যাপারে সোহাগ গাজী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমিন খান হজে যাওয়ার আগে আশ্বাস দিয়েছিলেন যে টাকার ব্যবস্থা হয়ে যাবে। উনি মাশরুর অমিকে (ক্লাব কর্মকর্তা) দায়িত্ব দিয়ে যান। ঈদের আগে প্লেয়াররা ক্লাবে এবং পরে কর্মকর্তা মাশরুরের বাসার সামনে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাদের হাতে ছোট ছোট প্যাকেট ধরিয়ে দেওয়া হয়, যেখানে মাত্র ৬,০০০ থেকে ৩৫,০০০ টাকা ছিল। অথচ সেই সময়ে কর্মকর্তারা নিজেরা ২-৩ লাখ টাকা দিয়ে কোরবানির গরু কিনছিলেন, কিন্তু ৩০টি প্লেয়ারের ফ্যামিলির ঈদের কথা চিন্তা করেননি।’

‘প্লেয়াররা প্রস্তাব দিয়েছিল যে, তাদের যদি অন্তত ৫০% টাকা দেওয়া হয় এবং পরবর্তীতে টিম রেলিগেশনে (অবনমন) পড়ে যায়, তবে তারা বাকি ৫০% টাকা আর দাবি করবে না। এই অপমানে প্লেয়াররা টাকা ফেরত দিলে কর্মকর্তারা তাদের সঙ্গে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন। ঈদের পরে পেমেন্ট বা অন্যান্য বিষয় নিয়ে যোগাযোগ করা হলেও ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।’

সোহাগ জানান, ম্যাচ খেলতে ব্রাদার্সের ক্রিকেটাররা সকালে মাঠে গিয়েছিলেন। কিন্তু পাওনা নিয়ে ম্যাচের আগে বনিবনা হয়নি, ‘আমিন খান সরাসরি জানিয়ে দেন, “খেললে খেলো, না খেললে নাই, টিম রেলিগেশনে গেলে যাক”। বর্তমানে প্লেয়াররা চরম আর্থিক সংকটে আছেন; অনেকে বাসা ভাড়া দিতে পারছেন না, বাজার করতে পারছেন না।‘

সোহাগ জানান, চলমান সংকটটি নিয়ে ক্রিকেটার্স অ্যাসোশিয়েন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন ও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের সঙ্গে কথা বলেছেন তারা। 

প্রিমিয়ার লিগে এবার ৯ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে ব্রাদার্স। ২ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে টেবিলের তলানিতে আছে তারা।

Related Articles

Latest Posts