একটি পুরনো খবরের কাগজ। তাতে ছাপা অসংখ্য শিরোনাম। সময়ের সঙ্গে যেসব খবর হারিয়ে গেছে পাঠকের স্মৃতি থেকে। কিন্তু যদি কোনো একদিন সেই চাপা পড়ে যাওয়া খবরের ভেতর থেকে বেরিয়ে আসে এমন এক সত্য, যা বদলে দিতে পারে অনেক মানুষের জীবন?
এমনই এক রহস্য, অনুসন্ধান ও পারিবারিক নাটকের গল্প নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’। জনপ্রিয় দুই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান অভিনীত সিরিজটি আগামী ২৫ তারিখে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।
সিরিজটির নির্মাতা সালেহ সোবহান অনীম। এরই মধ্যে প্রকাশিত হয়েছে প্রথম পোস্টার, যা দর্শকদের মধ্যে তৈরি করেছে নতুন কৌতূহল।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরিহিত অপূর্ব এবং ইয়াশ রোহানকে। দুজনের চোখে-মুখে তীক্ষ্ণ অনুসন্ধিৎসু দৃষ্টি। যেন তারা কোনো গোপন সত্যের সন্ধানে নেমেছেন।
পোস্টারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, পুরনো সংবাদপত্রের ব্যবহার। মনে হয়, খবরের কাগজের স্তূপ ভেদ করে বেরিয়ে আসছেন দুই চরিত্র। এই ভিজুয়াল ভাষা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে কোনো চাপা পড়ে থাকা সংবাদ, যার পেছনের বাস্তবতা অনুসন্ধান করতে যাচ্ছেন তারা।
গাড় রঙ, রহস্যময় আবহ এবং চরিত্র দুটির অভিব্যক্তি দর্শকের মনে একটাই প্রশ্ন জাগায়, কোন সেই খবর, যার জন্য এত অনুসন্ধান?
‘হেডলাইন’ নাম শুনলেই প্রথমে মনে হতে পারে এটি সাংবাদিকতা বা সংবাদজগতের গল্প। কিন্তু নির্মাতার ভাষ্য বলছে, বিষয়টি তার চেয়েও গভীর।
পরিচালক সালেহ সোবহান অনীম জানিয়েছেন, সিরিজটি মূলত সাংবাদিকতা ও অনুসন্ধানের আবরণে নির্মিত একটি পারিবারিক নাটক।
তার ভাষায়, বর্তমান সময়ের নানা অস্থিরতা ও বিভাজনের মধ্যে দর্শকদের জন্য একটু স্বস্তির গল্পই বলতে চেয়েছেন তারা। এমন এক গল্প, যা দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে যেগুলো দেখে বড় হয়েছে একটি প্রজন্ম।
অর্থাৎ, হেডলাইন শুধু রহস্য নয়, থাকবে সম্পর্কের টানাপড়েন, পরিবারের ভাঙাগড়া এবং মানুষের ভেতরের অদেখা গল্পও।
বাংলাদেশের ওটিটি অঙ্গনে অপূর্বের জনপ্রিয়তা এখন তুঙ্গে। গত কয়েক বছরে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের আস্থা অর্জন করেছেন। অন্যদিকে ইয়াশ রোহান তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ।
হেডলাইনে এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে। ফলে স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।
অপূর্ব ও ইয়াশের পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ এবং অর্নিল বিরলসহ আরও অনেকে।

