৫ রানে ৩ উইকেট হারানোর পর লিটন-মিরাজের প্রতিরোধ

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত শুরুর পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশের। মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। তবে সেই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। এরমধ্যেই গড়া অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে ধাক্কা কাটিয়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। দিনের প্রথম দুই সেশনে ব্যাট হাতে দাপট দেখায় স্বাগতিকহীন টাইগাররা। তবে শেষ দিকে আফগান বোলারদের পাল্টা আঘাতে ম্যাচের চিত্র বদলে যায়।

দলের রান যখন ১৮৪, তখন সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। ১১১ বলে ৬৭ রান করে মোহাম্মদ সালেমের শিকার হন এই ওপেনার। এরপর তৃতীয় উইকেটে মুমিনুল হক ও শান্ত ৩৭ রান যোগ করে দলকে এগিয়ে নেন। কিন্তু ২২১ রানে মুমিনুলের বিদায়ের পরই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়।

৭০ বলে ৩৯ রান করা মুমিনুল ফিরে যাওয়ার পর দ্রুত আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই ফেরেন মুশফিকুর রহিম। অধিনায়ক শান্তও ২৯ রানের বেশি করতে পারেননি। মাত্র ৫ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

এর আগে উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম এনে দিয়েছিলেন ১৩৮ রান। আগ্রাসী ব্যাটিংয়ে ৭১ বলে ৮৩ রান করেন তানজিদ। তার ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কা। ৪১ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি। ২২.৫ ওভারে ইসমাত আলমের বলে ইকরাম আলি খিলের হাতে ক্যাচ দিয়ে থামে তার ইনিংস।

তানজিদের বিদায়ের পর সাদমানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন মুমিনুল। দিনের দ্বিতীয় সেশনেও রান তোলার গতি ধরে রেখেছিল বাংলাদেশ। কিন্তু বিরতির আগে পরপর উইকেট হারিয়ে সেই স্বস্তি আর থাকেনি।

এমন পরিস্থিতিতে হাল ধরেছেন লিটন ও মিরাজ। দুজনের ব্যাটে এখন পর্যন্ত যোগ হয়েছে ৫০ রান। লিটন ৩১ এবং মিরাজ ২১ রানে অপরাজিত আছেন। 

Related Articles

Latest Posts