ক্রিটিকস চয়েজে সেরা পরিচালক নুহাশ হুমায়ূন

চরকির অরিজিনাল হরর অ্যান্থলজি সিরিজ ‘২ষ’-এর জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিটিকস চয়েজে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন নুহাশ হুমায়ূন।

আজ শুক্রবার রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনিমেষ আইচ ও অজয় কুমার কুণ্ডু তার হাতে এ পুরস্কার তুলে দেন।

নুহাশের প্রশংসিত লোককথাভিত্তিক ভৌতিক কাজ ‘পেট কাটা ষ’-এর ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘২ষ’। তবে এবার গল্পের কেন্দ্রে রয়েছে আধুনিক জীবনের মনস্তাত্ত্বিক আতঙ্ক। ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’—চারটি স্বতন্ত্র পর্বের মধ্য দিয়ে ভাগ্য, নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক ভয়ের নানা দিক তুলে ধরা হয়েছে।

তীক্ষ্ণ গল্প বলার ধরন ও অভিনব দৃশ্যায়নের মাধ্যমে সিরিজটি সমাজের অস্বস্তিকর প্রবণতাগুলোকে সামনে আনে। একই সঙ্গে মানুষের মনোজগতের অন্ধকার দিকও উন্মোচন করে।

সিরিজটির ভাবনা সম্পর্কে নুহাশ বলেন, ‘পুরাণ ও স্থানীয় লোককথার মধ্য দিয়ে আমরা অনেক গল্প উত্তরাধিকারসূত্রে পাই। তবে ‘২ষ’-এর লক্ষ্য আমাদের দৈনন্দিন জীবন ও মানবপ্রকৃতির অন্ধকার দিকগুলো উন্মোচন করা।’

সিরিজটির ব্যতিক্রমী গল্প বলার ধরন আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পেয়েছে। কানাডার মর্যাদাপূর্ণ ফ্যান্টাসিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উত্তর আমেরিকায় প্রথমবার প্রদর্শিত হয় ‘২ষ’। সেখানে প্রদর্শনীর সব টিকিটও বিক্রি হয়ে যায়।

উৎসবের আয়োজকরা বাংলাদেশের ভৌতিক চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য তরুণ নির্মাতা নুহাশের প্রশংসা করেছেন। এ নিয়ে বিশ্বখ্যাত ঘরানাভিত্তিক এই উৎসবে তার কাজ তৃতীয়বারের মতো প্রদর্শিত হলো। এর আগে তার পুরস্কারজয়ী ‘মশারি’ ও ‘ফরেনার্স অনলি’ উৎসবটিতে প্রদর্শিত হয়েছিল।

Related Articles

Latest Posts