ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

ইতালির তুসকানি অঞ্চলের বিখ্যাত অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্চেসি আন্তিনোরির গুদাম থেকে ৩০ হাজার বোতল ওয়াইন চুরি হয়েছে। চুরি যাওয়া এসব ওয়াইনের আনুমানিক মূল্য ৫০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৯ কোটি টাকা।

শুক্রবার প্রতিষ্ঠানটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে মার্চেসি আন্তিনোরির এক প্রতিনিধি বলেন, ‘আমাদের জানা মতে, ইতালিতে এর আগে এত বড় চুরির ঘটনা ঘটেনি।’

চুরি হওয়া ওয়াইনের মধ্যে রয়েছে তিগনানেলো, সোলাইয়া ও গুয়াদো আল তাসো ব্র্যান্ডের রেড ওয়াইন। উৎপাদনের বছর অনুযায়ী, এসব ওয়াইনের প্রতি বোতলের দাম ১২০ থেকে ৩০০ ইউরো বা তারও বেশি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ হাজার থেকে ৪১ হাজার টাকা।

প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানান, এসব ওয়াইন তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে অন্যতম। ক্রেতাদের কাছেও এগুলোর বিশেষ কদর আছে।

সাপ্তাহিক ছুটি চলাকালে তুসকানি অঞ্চলের একটি গুদামে চুরির ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

প্রতিবেদন অনুযায়ী, বিদেশে রপ্তানির জন্য ওয়াইনগুলো সেখানে রাখা হয়েছিল।

ওই প্রতিনিধির ভাষ্য, ‘এটি আমাদের সবচেয়ে বড় গুদাম। বিদেশে পাঠানোর আগে সব বোতল এখানেই রাখা হয়।’

চোরেরা গুদামের অ্যালার্ম ব্যবস্থা অচল করে দিয়েছিল বলে জানান তিনি। ফলে সোমবারের আগে চুরির বিষয়টি জানা যায়নি। এ কাজে দুটি ভ্যান ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির ধারণা, পাঁচ থেকে ছয়জন এই চুরিতে অংশ নিয়েছে।

এর আগে গত মাসে ইতালির উত্তরাঞ্চলীয় পিয়েমন্ত অঞ্চলে তিন হাজার বোতল বারোলো ওয়াইন চুরি হয়। সেগুলোর মোট মূল্য কয়েক লাখ ইউরো হতে পারে।

Related Articles

Latest Posts