ক্রিটিকস চয়েজে সেরা অভিনয়শিল্পী তমা মির্জা

চরকির ওয়েবফিল্ম ‘আমলনামা’য় শক্তিশালী অভিনয়ের জন্য ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিটিকস বিভাগে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন তমা মির্জা।

রায়হান রাফী পরিচালিত ‘আমলনামা’ অন্যায় ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত একটি টানটান গল্পের সিনেমা। এতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে একদল লোক এক ব্যক্তিকে রহস্যজনকভাবে তুলে নিয়ে যাওয়ার পর তার পরিবারের শান্ত জীবন ভেঙে পড়ে।

সিনেমাটিতে পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা। তার স্বামী হাসানকে গভীর রাতে তুলে নিয়ে যাওয়ার পর পারভীনের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা। চরিত্রটিতে তমার অভিনয় সমালোচক ও দর্শকদের প্রশংসা পেয়েছে।

ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসে এ নিয়ে দ্বিতীয়বার সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার জিতলেন তমা। এর আগে ২০২১ সালে রায়হান রাফী পরিচালিত ‘খাঁচার ভিতর অচিন পাখি’তে পাখি চরিত্রে অভিনয়ের জন্য একই পুরস্কার পেয়েছিলেন তিনি।

বাংলাদেশের চলচ্চিত্র ও ওটিটি অঙ্গনে বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন তমা। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনয়শিল্পী-নারী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

এরপর ‘সুড়ঙ্গ’, ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ ও ‘দাগী’র মতো বিভিন্ন প্রকল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দেশের চলচ্চিত্র ও ওটিটি অঙ্গনের উল্লেখযোগ্য অভিনয়শিল্পীদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তমা মির্জা।

Related Articles

Latest Posts