পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশির মরদেহ ভারতে উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলার পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে।

মৃত ইসমাইল হক (৬০) বিরল উপজেলার সীমান্তঘেঁষা কামদেবপুর গ্রামের বাসিন্দা।

ইসমাইলের ছেলে হায়দার আলী দ্য ডেইলি স্টারকে বলেন, গত ৩০ এপ্রিল বাড়ির কাছে পুনর্ভবা নদীর লালমাটিয়া জলকপাট সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে বাবা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, পরে ৩ মে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের নন্দনপুর গ্রামের যাদববাটি এলাকায় পুনর্ভবা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

হায়দার আলী বলেন, সংবাদটি ভারতে থাকা আমাদের আত্মীয় এনামুল হকের নজরে আসে। পরদিন তিনি ভারতের গঙ্গারামপুর থানায় গিয়ে ইসমাইলের মরদেহ শনাক্ত ও একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি আরও বলেন, সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ফলে মরদেহ হস্তান্তরের বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এখতিয়ারের বাইরে চলে গেছে।

হায়দার আরও বলেন, পরে ৫ মে জেলা প্রশাসন বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধারের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। আজ গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে আছে। এ বিষয়ে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাগজপত্র পাওয়া গেলে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।    

এদিকে, দিনাজপুরের হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন বিভাগের ইনচার্জ আরিফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, আজ বিকেল পর্যন্ত আমি এ-সংক্রান্ত কোনো আদেশ পাইনি।

হায়দার আলী বলেন, আমরা শেষবারের মতো বাবাকে একবার দেখতে চাই।

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, বিষয়টি জানার পর আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করি।

 

তিনি বলেন, পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে ইতিবাচক সাড়া পাওয়া যায়। আমরা আশা করছি, মরদেহ শিগগির দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

Related Articles

Latest Posts