কেএনএফ প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা

পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমসহ নয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত বুধবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় সিআইডি মামলাটি দায়ের করে। পরে গতকাল বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।

অন্য আসামিরা হলেন— মংহলাসিন মারমা ওরফে মং (৩৮), নিয়াজ হায়দার (৩৯), মো. গোলাম আজম (৪৭), সাহেদুল ইসলাম (২৭), মোহাম্মদ কামরুজ্জামান (৫৮), জামালুল ইসলাম (৪৫), মো. মতিউর রহমান (৪৩) ও মো. তৌহিদুল ইসলাম (৩৮)।

সিআইডির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১৮ মে বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি পোশাক কারখানা ও একটি গুদামে পুলিশ অভিযান চালিয়ে কেএনএফের ২০ হাজার ৩০০ সেট ইউনিফর্ম উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার হয় এবং একই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

পরে সিআইডি ওই ইউনিফর্ম তৈরির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে। সম্প্রতি সেই অনুসন্ধান শেষ হয়। অনুসন্ধানে এই পুরো প্রক্রিয়ায় অর্থ লেনদেনের একটি সুস্পষ্ট প্রবাহ শনাক্ত হয়েছে।

সিআইডির তথ্যমতে, ৪০ হাজার সেট কেএনএফ ইউনিফর্ম তৈরির জন্য কাপড় কেনা ও সেলাই বাবদ ১ কোটি ৬২ লাখ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

সংস্থাটি জানিয়েছে, গার্মেন্টস কারখানার মালিকেরা আর্থিক লাভের জন্য এসব ইউনিফর্ম তৈরি করেছিলেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, তদন্তে আরও কোনো তথ্য পাওয়া গেলে, অথবা অন্য কোনো ব্যক্তি বা কারখানার মালিকের সম্পৃক্ততা পাওয়া গেলে প্রমাণের ভিত্তিতে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Related Articles

Latest Posts