শুরুটা হলো ঠিক যেন ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির মেজাজে। আফগানিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে একের পর এক বাউন্ডারি হাঁকালেন তানজিদ হাসান তামিম। তার ঝড়ো ব্যাটিংয়ে আবুধাবিতে একমাত্র টেস্টের প্রথম দিনেই উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। যদিও সেঞ্চুরির পথে থাকা তানজিদকে ফিরিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে আফগানিস্তান।
জহির ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে আফগান বোলারদের চাপে রাখেন দুই ওপেনার তানজিদ ও সাদমান ইসলাম। তাদের উদ্বোধনী জুটিতে মাত্র ২৩ ওভারেই আসে ১২৪ রান। মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৬ ওভারে ১ উইকেটে ১৩৪ রান। ওভারপ্রতি রান তোলার হার ৫.১৫।
তানজিদ ছিলেন আরও বেশি আগ্রাসী। মাত্র ৭১ বলে ৮৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন আটটি চার ও চারটি ছক্কায়। দ্রুত হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পথেও এগোচ্ছিলেন এই ওপেনার। তবে তার সেই যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় আফগানিস্তানের কৌশল।
উইকেটকিপারকে স্টাম্পের কাছে এনে বোলিং করার সিদ্ধান্ত কাজে লাগায় আফগানিস্তান। ইসমত আলম অফ স্টাম্পের বাইরে বল করে তানজিদকে প্রলুব্ধ করেন। তাতে ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি তালুবন্দী করেন উইকেটকিপার ইকরাম আলিখিল। ৮৩ রানেই থামে তানজিদের ঝোড়ো ইনিংস, ভাঙে বাংলাদেশের দুর্দান্ত উদ্বোধনী জুটি।
তানজিদ ফেরার পর বোলিংয়ে কিছুটা শৃঙ্খলা ফিরিয়েছে আফগানিস্তান। আলগা বলের সংখ্যা কমিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরির চেষ্টা করছে তারা। তবে অন্য প্রান্তে স্বচ্ছন্দ ব্যাটিং চালিয়ে যাচ্ছেন সাদমান।
মধ্যাহ্নবিরতিতে সাদমান অপরাজিত ছিলেন ৭৯ বলে ৪১ রান করে। তার সঙ্গে উইকেটে ছিলেন মুমিনুল হক, ৭ বলে ৫ রান নিয়ে। তানজিদের বিদায়ে বাংলাদেশের রানের গতি কিছুটা কমলেও প্রথম সেশনের দাপট তাদের বড় সংগ্রহের সম্ভাবনা জিইয়ে রেখেছে।
এই টেস্ট বাংলাদেশের জন্য আরও একটি কারণে বিশেষ। নিরপেক্ষ ভেন্যুতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ।

