কুষ্টিয়ায় দুর্গাপূজার ৪ প্রতিমা ভাঙচুর

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খয়েরচারা সার্বজনীন মাতৃমন্দিরে তৈরি করা চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় মন্দিরে ঢুকে প্রতিমাগুলো আংশিক ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাত ২টার পর মন্দিরে কেউ ছিলেন না। দুর্বৃত্তরা এই সুযোগে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে বলে ধারণা করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘মন্দিরের কমিটি নিয়ে বিরোধ ছিল। এ বিষয়ে বৃহস্পতিবার কমিটির সদস্যদের সঙ্গে পুলিশের কথা হয়। তারা জানিয়েছিলেন, মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কোনো সমস্যা নেই।’

ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত কমিটির সদস্যরা মন্দিরে ছিলেন।

তিনি বলেন, ‘সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখি, মন্দিরের বাঁশের বেড়া ভেঙে ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করা হয়েছে।’

কৌশিক বিশ্বাস জানান, দুর্বৃত্তরা চারটি প্রতিমার মাথা ভেঙে দিয়েছে।

Related Articles

Latest Posts