উড়ন্ত শুরুর পর বাংলাদেশের বড় সংগ্রহের আশায় ধাক্কা

আশার ভেলায় ভেসে শুরু হয়েছিল যে সকাল, বিকাল গড়াতেই সেখানে বিষাদের ছায়া। দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলামের ব্যাটে বড় সংগ্রহের শক্ত ভিত পেয়েছিল বাংলাদেশ। কিন্তু তা পুরোপুরি কাজে লাগাতে না পেরে পথ হারিয়ে ফেলল লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ২ উইকেটে ২২১ রানের মজবুত অবস্থান থেকে ছন্দ হারিয়ে ৮ উইকেটে ৩১৭ রানে প্রথম দিন শেষ করেছে তারা।

উদ্বোধনী জুটিতে তানজিদ ও সাদমান যোগ করেন ১২৪ রান। দুজনই উপহার দেন চমৎকার ফিফটি। তানজিদ ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৭১ বলে ৮৩ ও সাদমান ১১১ বলে ৬৭ রানের দারুণ ইনিংস করে বিদায় নেন। তবে এরপরই শুরু হয় নাটকের উল্টো পিঠ। মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে হুট করেই চাপে পড়ে বাংলাদেশ।

উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল হক (৭০ বলে ৩৯ রান) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪২ বলে ২৯ রান)। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৭ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।

ষষ্ঠ উইকেটে বেশ প্রতিরোধ গড়েন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে তাদের ৬২ রানের জুটির পর ফের ছন্দপতন ঘটে। মিরাজ ৬৭ বলে ২৪ ও লিটন ফিফটি ছুঁয়ে ৮৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলে আউট হলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা ধাক্কা খায়।

ভালো শুরুর পর মাত্র ৯৬ রান যোগ করতেই ৬ উইকেট হারায় টাইগাররা। শেষবেলায় নাঈম হাসান ৩৩ বলে ১১ আর তাইজুল ইসলাম ১০ বলে ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

দিনের প্রথম তিন ঘণ্টার চিত্র দেখে যা হয়তো কল্পনাও করা যায়নি, বোলারদের নৈপুণ্যে পরবর্তীতে সেই গল্পই লেখে আফগানিস্তান। তাদের হয়ে ৭০ রানে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সালিম। এছাড়া, দুটি করে উইকেট নেন ইসমত আলম ও ইয়ামিন আহমাদজাই।

সংক্ষিপ্ত স্কোর:

(প্রথম দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৪ ওভারে ৩১৭/৮ (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মুমিনুল ৩৯, শান্ত ২৯, মিরাজ ২৪, নাঈম ১১*, তাইজুল ৪*, হাসান ২, মুশফিক ০; সালিম ৩/৭০, ইসমত ২/২০, আহমাদজাই ২/৬২, কাইস ১/৬০)।

Related Articles

Latest Posts