গাজীপুরে গাড়িতে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে বিকাশের একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের প্রাইভেটকারে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিন কোটি টাকার বেশি  ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের এক কর্মকর্তা গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ মো. হিমেল (২৯) ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের একটি বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজার। তিনি শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

আহত অপর কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. ফাহাদ। এছাড়া প্রাইভেটকারচালক আহত হয়েছেন।

প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন অফিসের সুপারভাইজার রিফাতের বরাতে পুলিশ জানায়, নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে নগদ টাকা সংগ্রহ করে তারা একটি প্রাইভেটকারে করে মাওনা চৌরাস্তার দিকে ফিরছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা রওনা হন। সন্ধ্যা ছয়টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে প্রায় ১০/১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে।

গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে হামলাকারীরা চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। এরপর অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে এবং চালককে মারধর করে। একপর্যায়ে গাড়িতে থাকা ম্যানেজার ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়। পরে গাড়ির পেছনে থাকা টাকার তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ছিনতাই হওয়া টাকা ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেডের’ স্বত্বাধিকারী মাহমুদুল হাসান মামুনের বলে জানা গেছে।

রিফাত জানান, ঘটনার পর আহত ফাহাদ রক্তাক্ত অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ওসি শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে দ্রুত শ্রীপুর হাসপাতালে আসি। হাসপাতালে এসে আহত তিনজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

Related Articles

Latest Posts