সাভারে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ

সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। ওই সাংবাদিকের নাম দেওয়ান ইমন। তিনি বেসরকারি টেলিভিশন দেশ টিভির সাভার প্রতিনিধি।

আজ সোমবার দুপুর ২টায় সাভার সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রায় ৩০০ গজ দূরে পাবলিক লাইব্রেরির বিপরীত পাশে এ ঘটনা ঘটেছে।

ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ দুপুর ২টার দিকে আমি ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন পাবলিক লাইব্রেরির বিপরীত পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ৩০-৩৫ জন লোক নিয়ে আমাদের দিকে আসেন। তারা এসেই প্রথমে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে হেনস্থা করেন।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি দেখে অন্য গণমাধ্যমকর্মীরা এগিয়ে এসে প্রতিবাদ করলে আমাকে আর তুলে নিতে পারেনি।’

বিষয়টি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে অবহিত করেছেন বলে জানান ইমন।

ইমন জানান, কয়েকদিন আগে সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করার জেরে তিনি এমনটি করেছেন বলে ধারণা করছেন।

ঘটনাস্থলে উপস্থিত এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জাকির হোসেন তার লোকজন নিয়ে যেভাবে তেড়ে এসেছেন, মনে হয়েছে তিনি একজন সন্ত্রাসী। এসেই তার মন্তব্য ছিল, “ওকে নিয়ে চল।” তারপর ধাক্কাধাক্কি শুরু হয়। ইমনকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।’

ঘটনার একটি ভিডিও দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জাকির রাগান্বিত অবস্থায় একদল লোক নিয়ে ইমনের দিকে যান। এর মাঝে তার পিয়ন রাগান্বিত স্বরে ইমনকে বলছেন, ‘সমস্যা কী, সমস্যা কী?’। সেখানে উচ্চস্বরে বাকবিতণ্ডা চলার একপর্যায়ে জাকির রাগান্বিত স্বরে ইমনকে তার অফিসে যাওয়ার জন্য বলেন। এরমাঝে কালের কণ্ঠের সাভার প্রতিনিধি ইমদাদ মোবাইল ধরে জাকিরকে প্রশ্ন করেন, ‘আপনি বাইরে কেন, এখানে আসছেন কেন’। ইমন বলছেন, ‘জাকির ভাই, আপনি আমাকে ধরে নেওয়ার জন্য আসছেন কেন?’

ঘটনা সম্পর্কে সাংবাদিক ইমদাদ হোসেন বলেন, ‘জাকির হোসেন যেভাবে লোকজন নিয়ে ইমনকে তুলে নিতে এসেছিলেন, তার সঙ্গে যে ব্যবহার করেছেন, সেটা কোনো স্বাভাবিক ব্যবহার না। দেখে মনে হয়েছে, তিনি এখানে সেবা দিতে আসেননি, মাস্তানি করতে এসেছেন।’

এ বিষয়ে মন্তব্য জানতে সাব-রেজিস্ট্রার জাকিরের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। সমাধানের চেষ্টা করছি।’

ইউএনও অফিস সূত্র জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইউএনও একটি মিটিং করেছেন এবং সেখানে জাকির হোসেন উপস্থিত ছিলেন। তবে, আলোচনার একপর্যায়ে মিটিং শেষ না করেই জাকির হোসেন রাগান্বিত অবস্থায় সেখান থেকে উঠে যান।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে কয়েকটি গণমাধ্যমে জাকির হোসেনের দুর্নীতির অভিযোগ তুলে ধরে সংবাদ প্রকাশ হচ্ছিল। তারই ধারাবাহিকতায় বিষয়টি তদন্তে আইন মন্ত্রণালয় একটি কমিটি করেছে এবং গতকাল তদন্ত কমিটির প্রতিনিধিদল সাভার সাব-রেজিস্ট্রি অফিসে আসেন।

Related Articles

Latest Posts