আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে দেশটির রাজধানী জুবার কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এসএসসিএএ) জানায়, ছোট আকারের ওই উড়োজাহাজের পাইলটসহ ১৪ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজে যাত্রীদের মধ্যে দুইজন কেনিয়ার নাগরিক ছিলেন। বাকিরা দক্ষিণ সুদানের নাগরিক।
জুবার প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ ও জরুরি সেবা কাজে সহায়তা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে।

