আগামী ৪ মে থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিতব্য ৫০ ওভারের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট শেষ হবে ১১ জুন।
লিগের পূর্ণাঙ্গ সূচি যথাসময়ে ঘোষণা করা হবে উল্লেখ করে সোমবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আসন্ন মৌসুমে লিগটি সিঙ্গেল রাউন্ড-রবিন পদ্ধতিতে (প্রতিটি দল পরস্পরকে একবার করে মোকাবিলা করবে) অনুষ্ঠিত হবে এবং এবার কোনো সুপার লিগ পর্যায় থাকছে না।’
তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, রেলিগেশন লিগ বা অবনমন পর্ব বহাল থাকছে। এর মাধ্যমে নির্ধারণ করা হবে কোন দলগুলো প্রথম বিভাগে নেমে যাবে। এবারের মৌসুমে সর্বমোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৬টি ম্যাচ লিগ পর্বে এবং তিনটি ম্যাচ রেলিগেশন লিগে খেলা হবে। এর আগে ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত দুই দিনের দলবদল প্রক্রিয়ায় ১২টি ক্লাবে মোট ১৩৫ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন।
এই বছরের দলবদল অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব বহন করছিল। কারণ, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকটি ক্লাব লিগ বয়কটের হুমকি দিলে এক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরবর্তীতে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠিত হলে পরিস্থিতির উন্নতি হয় এবং লিগ আয়োজনের পথ প্রশস্ত হয়।
অংশগ্রহণকারী ১২টি ক্লাব হলো শিরোপাধারী আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।

