বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে চোট পরিস্থিতি নিয়ে আশাবাদ থাকলেও কোনো ঝুঁকি নিতে রাজি নন লিওনেল স্কালোনি। সম্ভাব্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই চারজন ফুটবলারকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে, যাতে প্রয়োজন হলে শেষ মুহূর্তে জাতীয় দলে ডাকা যায়।
আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, এমিলিয়ানো বুয়েন্দিয়ার পাশাপাশি সান্তিয়াগো বেলত্রান, নিকোলাস কাপালদো এবং ম্যাক্সিমো পেরোনেকে সম্ভাব্য বিকল্প হিসেবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশ্বকাপ শুরুর আগের দিন পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকায় এই চারজনকে নজরে রাখছে কোচিং স্টাফ।
এর মধ্যে গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান এবং মিডফিল্ডার নিকোলাস কাপালদো বর্তমানে ক্যানসাসে জাতীয় দলের ক্যাম্পেই রয়েছেন। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে তারা অনুশীলন করছেন। ফলে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুতই মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে তাদের।
বিশেষ করে কাপালদোর সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার শারীরিক অবস্থার ওপর। দুজনের কেউ পুরোপুরি ফিট না হলে তার জন্য সুযোগ তৈরি হতে পারে।
অন্যদিকে বুয়েন্দিয়া ও পেরোনে বর্তমানে মূল দলের বাইরে থাকলেও তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায় থাকায় জরুরি প্রয়োজনে তারা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারেন।
ইউরোপা লিগ জয় করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মৌসুম শেষ করা অ্যাস্টন ভিলার তারকা এমিলিয়ানো বুয়েন্দিয়াকে মূলত বিকল্প হিসেবে ভাবা হচ্ছে নিকো পাজের জন্য। হাঁটুর চোটে ভোগা পাজ সময়মতো সুস্থ না হলে বুয়েন্দিয়াই হতে পারেন স্কালোনির প্রথম পছন্দ।
আর কোমোর মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনেকে প্রস্তুত রাখা হয়েছে লিয়ান্দ্রো পারেদেস কিংবা অন্য কোনো কেন্দ্রীয় মিডফিল্ডার পুরোপুরি ফিট না থাকলে। পেশির চোটে ভোগা পারেদেসের অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আর্জেন্টিনা।
বিশ্বকাপের আগে চোটের মেঘ ধীরে ধীরে কাটতে শুরু করলেও স্কালোনি কোনো কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিতে চাইছেন না। তাই মূল ২৬ সদস্যের স্কোয়াডের বাইরে থাকা এই চার ফুটবলারও আপাতত আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছেন।

