নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে যুবদল নেতার সমর্থকদের মারধর

নারায়ণগঞ্জে এক বিএনপি নেতাকে মারধর করেছেন যুবদল নেতার অনুসারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের ভেতর এক অনুষ্ঠানে তর্কের জেরে এ মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত অকিল উদ্দিন ভূইয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার অভিযোগ, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির সঙ্গে তর্কের জেরে তার ওপর হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলছিল জেলা পরিষদে। এ সময় বিগত দিনে দলীয় কর্মসূচি ও আন্দোলনে ভূমিকা নিয়ে মশিউর রহমান রনি ও অকিল উদ্দিন ভূইয়ার তর্ক হয়। সেসময় একপর্যায়ে জেলা পরিষদ প্রশাসক ও দলের জ্যেষ্ঠ নেতাদের সামনেই অকিলকে মারতে যান রনির সমর্থকরা। তখন বিষয়টি সেখানে মিটিয়ে দেওয়া হয়।

বিএনপি নেতা অকিল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সিনিয়র নেতারা সেখানেই বিষয়টি মিটিয়ে দিয়েছিলেন। আমি আর রনি একসঙ্গেই সিঁড়ি দিয়ে নেমে আসি। কিন্তু মূল ভবনের গেট পার হওয়ার পর আমার ওপর রনির লোকজন হামলা চালায়।’

মারধরের বিষয়টি তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের জানিয়েছেন এবং তারা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আপাতত তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান।

যোগাযোগ করা হলে যুবদল নেতা মশিউর রহমান রনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। মারধরের ঘটনায় আমার কিছু অনুসারী জড়িত আছেন। কিন্তু এতে আমার কোনো নির্দেশনা ছিল না। তাৎক্ষণিক উত্তেজনায় ঘটনাটি ঘটে গেছে। আমি অতি উৎসাহী এই কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি।’

এ বিষয়ে মন্তব্য জানতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে ফোন করা হলেও তিনি ধরেননি।

Related Articles

Latest Posts