বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, তা নাহলে হলে সরকারকে জনগণের রুদ্ররোষ মোকাবিলা করতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে এসে জনগণকে হতাশ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, কয়েক মাস আগেও সরকার জনগণকে আশ্বস্ত করেছিল যে, বিদ্যুতের দাম বাড়ানো হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, যার প্রভাব শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও সাধারণ মানুষের জীবনে পড়বে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি, সিস্টেম লস ও ক্যাপাসিটি চার্জের বোঝা কমানোর পরিবর্তে সরকার সেই দায় জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।
তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়বে।
আইএমএফের শর্ত পূরণের অংশ হিসেবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, বিদ্যুৎ খাতের অনিয়ম ও অপচয় বন্ধ করে খাতটিকে সংস্কার করা উচিত ছিল।
সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করুন এবং জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিন। অন্যথায় জনগণের রুদ্ররোষের যে চ্যালেঞ্জ তৈরি হবে, তা সরকারকে মোকাবিলা করতে হবে।
বক্তব্যে ইসলামী ব্যাংকের প্রসঙ্গও তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
তিনি অভিযোগ করেন, দেশের অন্যতম বৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংকে আগে একটি ব্যবসায়ী গোষ্ঠী লুটপাট চালিয়েছে, আর এখন সরকার নতুন করে সেখানে হস্তক্ষেপের চেষ্টা করছে। জনগণের স্বার্থ রক্ষার পরিবর্তে সরকার ব্যাংক খাতের সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

