বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন।

নিহত জুয়েল মিয়া (১৯) নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

এ ঘটনায় গুলিবিদ্ধ পাঁচজনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ওসি মো. ইয়াছিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ি ও সফু সরকার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে বলেও জানান ওসি।

তিনি বলেন, ‘ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Related Articles

Latest Posts