উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৯৮তম জন্মদিন আজ। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক মারাঠি পরিবারে জন্মেছিলেন এই কিংবদন্তি শিল্পী। হিন্দির পাশাপাশি তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বাংলাতেও রয়েছে তার অসংখ্য কালজয়ী গান। সলিল চৌধুরী, শচীন দেববর্মণ, সুধীন দাশগুপ্ত, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে রাহুল দেববর্মণের সুরে গান গেয়েছেন এই কোকিলকণ্ঠী।
লতা মঙ্গেশকরের জন্মদিনে তার কণ্ঠে গাওয়া অবিস্মরণীয় ১০টি বাংলা গানের কথা জেনে নেওয়া যাক।
১. না যেও না, রজনী এখনও বাকি
সলিল চৌধুরীর কথা ও সুরে লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গান ‘না যেও না, রজনী এখনও বাকি’। ১৯৬০ সালে ‘পরখ’ সিনেমায় ‘ও সজনা, বরখা বাহার আয়ি’ গানটির সুরও ছিল একই।
২. কে প্রথম কাছে এসেছি
মহানায়ক উত্তমকুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত ‘শঙ্খবেলা’ সিনেমার জনপ্রিয় গান ‘কে প্রথম কাছে এসেছি’। লতা মঙ্গেশকরের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মান্না দে। গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছিলেন সুধীন দাশগুপ্ত।
৩. যা রে যারে উড়ে যা রে পাখি
‘যা রে যারে উড়ে যা রে পাখি’ গানটির কথা ও সুর রচনা করেছিলেন সলিল চৌধুরী। লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি ১৯৫৯ সালে প্রকাশিত হয়। ১৯৬১ সালে ‘মায়া’ সিনেমায় ‘যা রে যা রে উড় যা রে পঞ্ছী’ শিরোনামে হিন্দি গানটিতেও একই সুর ব্যবহৃত হয়।
৪. ও মোর ময়না গো
সলিল চৌধুরীর কথা ও সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘ও মোর ময়না গো’। আধুনিক বাংলা গানের এই গানটির সুর ও কথার আবেদন আজও অমলিন।
৫. আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
রাহুল দেববর্মণের সুরে ১৯৮১ সালে অমিতাভ বচ্চন ও রাখী গুলজার অভিনীত ‘অনুসন্ধান’ ছবির বাংলা সংস্করণে ব্যবহৃত হয় ‘আমার স্বপ্ন যে সত্যি হলো আজ’ গানটি। গানটির কথা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। লতা মঙ্গেশকরের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার।
৬. আষাঢ় শ্রাবণ মানে না তো মন
‘মণিহার’ সিনেমার জনপ্রিয় গান ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’। গানটির সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং কথা লিখেছিলেন মুকুল দত্ত। সিনেমাটিতে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়।
৭. আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে
বাংলা আধুনিক গানের অন্যতম জনপ্রিয় সৃষ্টি ‘আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে’। ১৯৫৬ সালে পবিত্র মিত্রের কথায় এবং সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর।
৮. ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি
‘রাগ অনুরাগ’ সিনেমার জনপ্রিয় গান ‘ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি’। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। সিনেমাটিতে অভিনয় করেছিলেন অপর্ণা সেন ও রঞ্জিত মল্লিক।
৯. ওগো আর কিছু তো নাই
সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের গাওয়া ‘ওগো আর কিছু তো নাই’ গানটিও সংগীতপ্রেমীদের কাছে আজও জনপ্রিয়। সলিল চৌধুরী ও লতা মঙ্গেশকরের সংগীতজুটি বাংলা গানের ভুবনে অসংখ্য স্মরণীয় সৃষ্টি উপহার দিয়েছে।
১০. কী লিখি তোমায়
কিশোর কুমারের সুরেও গান গেয়েছেন লতা মঙ্গেশকর। ‘কী লিখি তোমায়’ গানটির সুরকার ছিলেন কিশোর কুমার এবং কথা লিখেছিলেন মুকুল দত্ত। চিরন্তন প্রেমের আবেগে ভরা গানটি আজও শ্রোতাদের কাছে সমান আবেদনময়।
কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মারা যান। কিন্তু তার কণ্ঠের কোনো মৃত্যু নেই। বাংলা গানের ভুবনে তার গাওয়া গানগুলো তাই আজও একইভাবে বেঁচে আছে—স্মৃতিতে, ভালোবাসায় আর অসংখ্য শ্রোতার হৃদয়ে।

