খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনার রূপসায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ গ্রামের ইলাইপুর ফ্রেশ সি ফুডের পেছনের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক।

নিহত মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) একই উপজেলার আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে।

এসপি ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ভোর সাড়ে ৬টার দিকে ৯৯৯-এ ফোন পাই। এরপর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করি। সম্ভবত ঘটনাটি ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘটেছে।’

‘বাপ্পির মাথায় দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ঘাড় ও গলায় দুটি বড় কোপের চিহ্ন রয়েছে। তার নামে ঢাকা, আশুলিয়াসহ বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে,’ বলেন তিনি।

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে এসপি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সম্ভবত মাদক বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটতে পারে।’

Related Articles

Latest Posts