ফরিদপুরে ৪ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্তকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা

ফরিদপুর সদরে চার বছরের শিশুকে ধর্ষণে অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাজ্জাক বিশ্বাস (৪৬) রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচদিন আগে শিশুটির বাবা মারা যান। আজ শুক্রবার বাড়িতে মিলাদের আয়োজন থাকায় পরিবারের সদস্যরা গতকাল ব্যস্ত ছিলেন। সে সুযোগে শিশুটিকে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করেন রাজ্জাক। পরে শিশুটিকে কাঁদতে দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আন্দাজ করেন। এরপর তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেসময় ঘটনাস্থল থেকে রাজ্জাককে আটকের পর তাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ফরিদপুর সদরের একটি গ্রামে এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে রাজ্জাককে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলার রাজ্জাককে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হবে।’

এদিকে, বাবার মৃত্যুর পাঁচদিন পর শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধনের আয়োজন করেছেন স্থানীয়রা।

Related Articles

Latest Posts