পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের

রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে পাঁচটি প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, পূর্বাচল নতুন শহরের বড় একটি অংশ পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং কিছু অংশ পড়েছে গাজীপুরের কালীগঞ্জে। তিন জেলায় বিভক্ত হওয়ায় এ প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা হচ্ছিল। সেই সমস্যা দূর করতে প্রকল্পটির পুরো এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নিকার বৈঠকে সেটি অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়াও, আজকের বৈঠক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একইসঙ্গে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

বগুড়ায় স্বতন্ত্র সড়ক জোন

এদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পুনর্গঠনের লক্ষ্যে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ- এই পাঁচটি সড়ক বিভাগ নিয়ে বগুড়ায় একটি স্বতন্ত্র সড়ক জোন প্রতিষ্ঠার প্রস্তাব নিকার বৈঠকে উপস্থাপন করলেও এটি নিকারের আওতাভুক্ত নয় বলে বৈঠক থেকে প্রত্যাহার করা হয়েছে বলে সড়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, এটি মূলত মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়, তাই এ বিষয়ে সড়ক মন্ত্রণালয় অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেবে।

Related Articles

Latest Posts