দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান ও তার নাতি ফারাজ আয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে প্রায় ৬০০ জন দরিদ্র ও চা-শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
আজ বুধবার কুলাউড়া উপজেলার কালিটি চা বাগান হাসপাতালে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কুলাউড়ার এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, বুধবার সকাল ৯টা থেকে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের কুলাউড়া এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন কোম্পানির হবিগঞ্জ–মৌলভীবাজার অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী বিক্রয় ব্যবস্থাপক মো. সাহাবুদ্দিন।
এছাড়া কালিটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. মিজানুর রহমান এবং বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক উত্তম কালোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেন চিকিৎসক মোস্তফা মাহমুদ ইমরান তালুকদার (এমবিবিএস, সিসিডি, পিজিটি মেডিসিন) এবং ডা. শেখ শামীমা জেরিন (এমবিবিএস, গাইনি)।
চিকিৎসা নিতে আসা ৩০ বছর বয়সী রামলক্ষণ পাশী তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, গত দুই সপ্তাহ ধরে আমার দুই বছর বয়সী মেয়ে সুমির গলায় ঘা হয়েছে। এক সপ্তাহ আগে অনেক কষ্ট করে ২৮০ টাকা জোগাড় করে মলম কিনে এনেছিলাম। ভেবেছিলাম হয়তো মেয়েটা সুস্থ হবে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি, উল্টো ঘা আরও বাড়ছিল।
তিনি বলেন, আমাদের আয় খুবই সীমিত। সংসারের খরচ মেটাতেই হিমশিম খেতে হয়। আমাদের পক্ষে ডাক্তার দেখানো বা ওষুধ কেনা প্রায় অসম্ভব।
তিনি আরও জানান, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের খবর পেয়ে তিনি মেয়েকে নিয়ে সেখানে আসেন এবং চিকিৎসা ও ওষুধ পেয়ে স্বস্তি পান।
তিনি বলেন, এত সহজে, কোনো খরচ ছাড়াই আমার মেয়ের চিকিৎসা হয়ে যাবে—বিশ্বাসই করতে পারছিলাম না। এই উদ্যোগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।

