নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শনিবার দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের গামরুলি গ্রামের পুরানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম দ্য ডেইলে স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইমন মিয়া (২৫) গামরুলি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে তিনি কিছুদিন গ্রামছাড়া ছিলেন।
স্থানীয়দের দাবি, ইমন গ্রামে ফিরে বিভিন্ন স্থানে চুরি করে আবার চলে যেতেন। গতকাল শুক্রবার রাতে পুরানবাড়ি গ্রামের একটি বাড়িতে চুরি হয়। এ ঘটনায় ইমনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। আজ পালিয়ে যাওয়ার সময় আঠারবাড়ি রেলস্টেশন এলাকায় তাকে আটক করেন স্থানীয়রা। পরে গ্রামের মসজিদের সামনে বেঁধে রাখা হয়। একপর্যায়ে তিনি মারা যান।
ওসি তারিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি সিলেট থেকে রওনা হয়েছেন। এসে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

