মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তোফায়েল আহমেদ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। স্ট্রোকের পর কয়েক বছর ধরে তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদ জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার তার মরদেহ গ্রামের বাড়ি ভোলায় নেওয়া হবে। জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হওয়া তোফায়েল আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর গুরুত্বপূর্ণ নেতা।
স্বাধীনতার পর তিনি আটবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেন। পরে তিন দফা মন্ত্রিসভার সদস্য ছিলেন।
তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

