সুপ্রিম কোর্টের ‘বিজয় ৭১’ ভবন থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো. মজহারুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত মোহাম্মদ কামাল উদ্দিন (৪৭) হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা।
মজহারুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের ভেতরে একটি জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে ভবনের এক নিরাপত্তাকর্মী মরদেহটি দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়।
তিনি আরও বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। পরে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা আরও বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা পরিস্থিতি সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, প্রাথমিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে একটি অপমৃত্যুর মামলা করা হবে। তদন্তে যা পাওয়া যাবে, তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

