কাইসেদো-পাচোদের নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা ইকুয়েডরের

বিশ্বকাপের মঞ্চে নতুন স্বপ্ন নিয়ে নামতে যাচ্ছে ইকুয়েডর। সেই লক্ষ্য সামনে রেখে ২০২৬ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার দেশটি। দলে আছেন চেলসির তারকা মিডফিল্ডার মোইসেস কাইসেদো, সদ্য চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচো এবং আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা পিয়েরো হিনকাপিয়ে।

অভিজ্ঞতার প্রতীক হিসেবে দলে জায়গা পেয়েছেন ৩৬ বছর বয়সী অধিনায়ক এনের ভ্যালেন্সিয়াও। এটি হবে তার তৃতীয় বিশ্বকাপ।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘ই’ গ্রুপে খেলবে ইকুয়েডর। আগামী ১৪ জুন ফিলাডেলফিয়ায় আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২০ জুন কানসাস সিটিতে অভিষেককারী কুরাসাওয়ের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৫ জুন নিউ জার্সিতে জার্মানির বিপক্ষে খেলবে ইকুয়েডর।

২০২২ সালে কাতার বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ইকুয়েডরকে। এবার সেই হতাশা কাটিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য।

ইকুয়েডরের বিশ্বকাপ দল

গোলরক্ষক: হার্নান গালিন্দেস, মোইসেস রামিরেস, গনসালো ভালে।

ডিফেন্ডার: পারভিস এস্তুপিনিয়ান, পিয়েরো হিনকাপিয়ে, উইলিয়ান পাচো, হোয়েল অরদোনিয়েস, ফেলিক্স তোরেস, জ্যাকসন পোরোসো, অ্যাঞ্জেলো প্রেসিয়াদো।

মিডফিল্ডার: মোইসেস কাইসেদো, অ্যালান ফ্রাঙ্কো, অ্যালান মিনদা, পেদ্রো ভিতে, জেরেমি আরেভালো, কেন্দ্রি পায়েস, জর্দি আলসিভার, নিলসন অ্যাঙ্গুলো, অ্যান্থনি ভ্যালেন্সিয়া, জন ইয়েবোয়া, দেনিল কাস্তিয়ো, গনসালো প্লাতা।

ফরোয়ার্ড: এনের ভ্যালেন্সিয়া, কেভিন রদ্রিগেস, জর্দি কাইসেদো, ইয়াইমার মেদিনা।

 

Related Articles

Latest Posts