আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে যাওয়ার কথা বললেন স্কালোনি

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের বিপক্ষে ১-০ গোলের হারের পরই বড়সড় এক ধাক্কা খেল আর্জেন্টিনা ফুটবল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানালেও, পরবর্তীতে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘দিওরিও ওলে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ইঙ্গিত দিলেন—চলতি বছরের ডিসেম্বরের পর আর লিওনেল মেসির দলের দায়িত্বে থাকছেন না তিনি।

সংবাদ সম্মেলন শেষে ‘দিওরিও ওলে’-র সঙ্গে আলাপকালে নিজের পরিকল্পনার কথা খোলাসা করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাব। এরপর অবশ্যই ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলব। মূলত এখন একটু বিশ্রাম নেওয়া এবং কিছুদিনের জন্য থামাটাই আমার পরিকল্পনা। আমার মাথায় এখন এটাই ঘুরছে।’

আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের পদটিকে স্বপ্নের মতো উল্লেখ করে স্কালোনি আরও বলেন, ‘এটি অত্যন্ত চমৎকার একটি জায়গা, স্বপ্নের মতো। আশা করি অন্য আরও অনেকের এখানে আসার সুযোগ হবে। যেকোনো আর্জেন্টাইনই এখানে বসার স্বপ্ন দেখে।’

২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতানো এই কোচ নিজের কোচিং ক্যারিয়ারের এই অধ্যায় নিয়ে দারুণ গর্বিত। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘এখানে কাজ করতে পারাটা ভীষণ আনন্দের ও গর্বের। আমার বুনোতম স্বপ্নেও কখনো ভাবিনি এমন কিছু হবে। তবে হ্যাঁ, সভাপতি চাইলে আমি ডিসেম্বর পর্যন্ত এখানে আছি। এরপর, যেমনটা আমি বললাম, বিষয়টি জটিল হয়ে যাবে। কারণ, একটা পরিবর্তন আসাটাই এখন যৌক্তিক।’

ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা পরিষ্কার করে সাক্ষাৎকারের শেষদিকে স্কালোনি সরাসরিই বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত আছি, এর পর সম্ভবত সম্পর্কটা ছিন্ন হতে যাচ্ছে। দেখা যাক কী হয়।’

স্কালোনির এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ফুটবল বিশ্বে জোর গুঞ্জন শুরু হয়েছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের বেদনার মাঝেই ডাগআউটের এই সফল অধ্যায়ের সমাপ্তির আভাস আর্জেন্টিনা শিবিরের জন্য এক নতুন অনিশ্চয়তার জন্ম দিল।

 

Related Articles

Latest Posts