চতুর্থ সন্তানের বাবা জেডি ভ্যান্স, ছুঁলেন ১৫০ বছরের রেকর্ড

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার জানিয়েছেন, তার স্ত্রী ও যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স তাদের চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন।

গতকাল রোববার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

নবজাতকের নাম রাখা হয়েছে অ্যালেক নিল ভ্যান্স। তিনি দম্পতির অন্য তিন সন্তান—ইউয়ান, বিবেক ও মিরাবেলের ছোট ভাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেডি ভ্যান্স লিখেছেন, ‘উষা ও আমাদের সন্তান দুজনই সুস্থ ও ভালো আছে। আমাদের অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে দারুণ আনন্দিত।’

পোস্টে তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার এবং হোয়াইট হাউস মেডিকেল ইউনিটের চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানান।

অ্যালেকের জন্মের মধ্য দিয়ে ১৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো দায়িত্বে থাকা অবস্থায় কোনো সেকেন্ড লেডি সন্তানের জন্ম দিলেন।

ছয় সদস্যের পরিবার হিসেবে নতুন জীবন শুরু করতে যাচ্ছে ভ্যান্স পরিবার।

আগামী দিনে ভ্যান্স পরিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের পল্লী এলাকায় আরও বেশি সময় কাটানোর পরিকল্পনা করছে।

এ জন্য তারা ধনী আবাসিক এলাকা মিডলবার্গে বহু মিলিয়ন ডলার মূল্যের একটি বিশাল সম্পত্তির একটি অংশ ভাড়া নিয়েছেন।

সম্প্রতি এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেকেন্ড লেডি হিসেবে জনদৃষ্টি ও সন্তান প্রতিপালনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন উষা ভ্যান্স।

তিনি বলেন, ‘আমরা যা-ই করি, সবই মানুষের নজরে থাকে।’

তিনি আরও বলেন, তার সন্তানরা যদি দুষ্টুমি করে বা অসুস্থ হয়ে পড়ে, সেটিও সবার চোখে পড়ে।

স্বামী জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর আইনজীবী হিসেবে নিজের চাকরি ছেড়ে দেন উষা ভ্যান্স।

জেডি ভ্যান্স দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিয়মিত ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং নিজের একটি ছোট টিমও গড়ে তুলেছেন।

শিশুদের সাক্ষরতা উন্নয়নকে নিজের প্রধান উদ্যোগ হিসেবে বেছে নিয়ে গত বছর তিনি একটি গ্রীষ্মকালীন পাঠচ্যালেঞ্জ কর্মসূচি চালু করেন। এ বছর সেটিকে ঘিরে একটি পডকাস্টও শুরু করেছেন।

এর আগে সর্বশেষ ১৮৭০ সালে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সেকেন্ড লেডি সন্তানের জন্ম দিয়েছিলেন। সে সময় ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স ও তার স্ত্রী এলেন মারিয়া কোলফ্যাক্সের ঘরে জন্ম নেন স্কাইলার কোলফ্যাক্স তৃতীয়, যিনি পরে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ বেন্ড শহরের মেয়র হন।

Related Articles

Latest Posts