চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের প্রাণ গেছে।
আজ মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন—বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম।
ওসি জানান, বৃষ্টির পানিতে ভিজে বাড়ির একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। আশা খাতুন ও তার মেয়ে মিম ওই মই দিয়ে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করেছে বলে ওসি জানান। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

