সরকার কেবল গণভোটের রায় বাস্তবায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রচারিত অর্থনৈতিক সংকট মোকাবিলায় ২০ হাজার কোটি টাকা ছাপানোর তথ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘এটি যদি টাকা ছাপানো না হয়, তবে আমরা একে কী বলব? ফটোকপি?’
আজ সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির ঢাকা মহানগর কমিটির নবনিযুক্ত নেতা ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারের সমালোচনা করে আসিফ বলেন, নির্বাচনের আগে জনগণকে বলা হয়েছিল যে, নির্বাচন হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
‘কিন্তু নির্বাচনের পর আমরা দেখছি যে, এই সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে তো বটেই, রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায়ও চরমভাবে ব্যর্থ হচ্ছে,’ বলেন তিনি।
জ্বালানি পরিস্থিতি সম্পর্কে আসিফ বলেন, সরকার দাবি করছে জ্বালানি তেলের মজুদ ঐতিহাসিক উচ্চতায় রয়েছে, অথচ মানুষ পেট্রোল পাম্পগুলোতে ‘ইতিহাসের দীর্ঘতম লাইনে’ দাঁড়িয়ে দুর্ভোগ পোহাচ্ছে।
আসিফ জানান, এনসিপি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং ভোট গণনায় কারচুপির অভিযোগ থাকা সত্ত্বেও ছয়টি আসনে জয়লাভ করেছে। প্রতিটি নির্বাচনী এলাকায় তারা গড়ে প্রায় ৮০ হাজার করে ভোট পেয়েছে। বর্তমানে এনসিপি তাদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কাজ করছে এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার দল জনগণের ভোটাধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেবে।
‘যারা আমাদের ভোট দিতে আসবেন তাদের আশ্বস্ত করতে চাই যে, আমরা একটি ভোটও নষ্ট হতে দেবো না। আমরা প্রতিটি ভোটকেন্দ্র শক্তভাবে পাহারা দেবো,’ যোগ করেন তিনি।
অনুষ্ঠানে নেতাকর্মীরা আসিফের সমর্থনে স্লোগান দিয়ে বলেন, ‘জনগণের মেয়র কে? আসিফ ভাই, আসিফ ভাই।’
বক্তব্য শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংসদ সদস্য হান্নান মাসউদ নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান এবং সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।

