ফরিদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর শিট কেন্দ্র থেকে হারিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ সোমবার বদলি হওয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন ফরিদপুর সদরের ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিট হারানোর ঘটনা ঘটে।
শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ বলেন, শেষ পরীক্ষার দিন ওই কেন্দ্র থেকে ওএমআর শিট হারিয়ে যায়। তবে ওএমআর হারিয়ে গেলেও পরীক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না।
‘কেননা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে এ ক্ষতি রিকভার করেছে,’ বলেন তিনি।
মোহাম্মদ মোশাররফ বলেন, এ ঘটনার পর আমাকে ও সহকারী শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের দুইজনকেই জেলার বাইরে বদলি করা হয়েছে। পাশাপাশি আমাদের কর্মকাণ্ড তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ডেইলি স্টারকে বলেন, ওএমআর হারিয়ে যাওয়ার বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবে।
তিনি বলেন, তদন্তে যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

