জাপানে আগাম নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাপানে আগাম নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ রোববার। সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক মাসের মাথায় এ নির্বাচনের ঘোষণা দেন।

জরিপ অনুযায়ী, এই নির্বাচনে তার রক্ষণশীল জোট নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারে। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

দেশটিতে গত ৩৬ বছরে প্রথমবারের মতো শীতের মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে সাধারণত অনুকূল পরিবেশেই নির্বাচন আয়োজন করা হয়ে থাকে। তবে তাকাইচি পার্টির নেতৃত্বে আসার পর দ্রুত জনগণের সমর্থন পেতে আগাম নির্বাচনের ঘোষণা দেন।

জরিপে দেখা যাচ্ছে, তাকাইচির দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপানিজ ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষে ৪৬৫টি আসনের মধ্যে সর্বোচ্চ ৩০০টি আসন পেতে পারে।

দুর্নীতি ও মূল্যস্ফীতির কারণে পুরনো জোটসঙ্গীদের পাশাপাশি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এই নির্বাচনকে এলডিপির জন্য নতুন করে ফেরার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে এর আগে এলডিপির দুই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন। এবার তাকাইচি ভোটারদের সামনে তুলনামূলক জনপ্রিয় প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়ছেন।

তাকাইচি করছাড় এবং ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকর্ষণের চেষ্টা করছেন। তবে দেশটির সরকারি ঋণ অন্যান্য উন্নত দেশের মধ্যে সর্বোচ্চ হওয়ায় তার অতিরিক্ত ব্যয়ের প্রতিশ্রুতি জাপানের ধীরগতির অর্থনীতিকে ত্বরান্বিত করবে কি না, তা নিয়ে সমালোচনা রয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা এই নির্বাচনে এলডিপির জন্য ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে। তবে তুষারপাতের কারণে ভোটারদের উপস্থিতি ব্যাহত হতে পারে, বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে।

এবার অগ্রিম ভোটে প্রায় ৪৬ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে, যা ২০২৪ সালের নির্বাচনের তুলনায় আড়াই শতাংশ কম। বলা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এমনটি হয়েছে।

জাপানের নিইগাতাসহ অনেক অঞ্চলে রোববার ভারী তুষারপাত হয়েছে। জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ৩৭টি ট্রেন লাইন ও ৫৮টি ফেরি রুট বন্ধ ছিল এবং ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জরিপ অনুযায়ী, ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে তাকাইচি বিশেষভাবে জনপ্রিয়। অক্টোবর থেকে ক্ষমতা নেওয়ার পর তার সরকার প্রায়শই ৭০ শতাংশের  বেশি সমর্থন পেয়েছে।

Related Articles

Latest Posts