১৬ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করতে বিলম্ব করবে কি না জানতে চাইলে আজাদ মজুমদার বলেন, ‘আমরা গতকালকে পরিষ্কার করেছি যে, নির্বাচনের পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যত দ্রুত সম্ভব সরকার দায়িত্ব হস্তান্তর করবে।’

‘একটা অপপ্রচার চালানো হচ্ছে যে, সরকার ১৮০ কার্যদিবস তার ক্ষমতা ধরে রাখবে। যারা এই অপপ্রচারটা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে অসৎ এবং উদ্দেশ্যমূলক। তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা মনে করি যে, এ বিভ্রান্তির কোনোই সুযোগ নেই,’ যোগ করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। এই পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে। অর্থাৎ ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই তা হতে পারে। আমার মনে হয় না এটি ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে।

উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে যে সমস্ত কাজ হয়েছে, অর্ডিন্যান্স হয়েছে, পলিসি হয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো সাইন হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে তার একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ৩১ জানুয়ারির মধ্যে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে মোট ৬৮টি নিয়মিত সাপ্তাহিক ক্যাবিনেট মিটিংয়ে ৫২৬টি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৪৩৯টি, অর্থাৎ বাস্তবায়নের হার ৮৩ দশমিক ৪৬।

তিনি আরও জানান, এই সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি হয়েছে। প্রক্রিয়াধীন আছে আরও ১৬টি। এর মধ্যে নীতিগতভাবে অনুমোদন হয়েছে আরও তিনটি। ১৪টি নীতিমালা হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে ১৪টি।

শফিক বলেন, ‘আগের সরকারগুলোর সঙ্গে মিলিয়ে দেখবেন, রেকর্ড পরিমাণ অধ্যাদেশ জারি হয়েছে। এগুলো এমন না যে—ছোটখাটো পরিবর্তন করে অধ্যাদেশ দেওয়া হয়েছে। কিছু কিছু অধ্যাদেশ আছে যেটা বাংলাদেশের মানুষের জীবনে যুগান্তকারী প্রভাব আনবে।’

‘বাস্তবায়ন হয়নি শতকরা ১৬ দশমিক ৫৪ শতাংশ,’ বলেন তিনি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুরো সময়ের মূল্যায়ন জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমাদের মূল্যায়ন তো আমাদের মতো। আমরা মনে করি যে, মানুষই এটা মূল্যায়ন করবে। বাংলাদেশের মানুষ দেখবে যে অন্তর্বর্তী সরকার এই ১৮টি মাস কীভাবে দেশের সেবা করেছে। আমরা মনে করি যে, এই সরকার তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এবং রেকর্ড পরিমাণ আইন-অধ্যাদেশ জারি করেছে। এমন ভয়ানক ভঙ্গুর একটা অর্থনৈতিককে তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, আমি বলবো সেটাকে সতেজ করে আবার গ্রোথ প্ল্যাটফর্মে ফিরিয়ে এনেছে। দেশের জন্য বোল্ড একটা ফরেন পলিসি দিতে পেরেছে। দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে। আপনারা যদি অপরাধের পরিসংখ্যানগুলো দেখেন এখানে স্পষ্ট যে, গত বছর বা তার আগের বছরের থেকে অপরাধ যে খুব বেশি বেড়েছে—তা না।’

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরে এসেছে উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, ‘ব্যাংকিং সেক্টরে বড় রকমের ডাকাতি হয়েছিল।’

সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের একটা বড় ম্যানডেট ছিল যে, জুলাই-আগস্টে যারা ভয়ানক রকমের হত্যাযজ্ঞ করলেন, তাদের বিচারটা শুরু করা। বাংলাদেশ থেকে গুম উঠে গেছে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের থেকে বিচারবহির্ভূত হত্যা, যেগুলো নাটক করে বিচারবহির্ভূত হত্যা করা হতো, একটাও হচ্ছে না। এই কাজগুলো যারা করেছেন, তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে এবং সবচেয়ে বড় যে দায়িত্ব—দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করা। জুলাই চার্টার এখন রেফারেন্ডামে আসছে, আমরা আশা করি বাংলাদেশের জনগণ তার রায় জানাবে এই ১২ ফেব্রুয়ারি নির্বাচনে।’

এই সরকার দায়িত্ব নেওয়ার পর দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে উপদেষ্টাদের সম্পদে হিসাব দেওয়ার কথা বলেছিলেন। সেটা দীর্ঘদিন দেওয়া হয় নাই। সমালোচনার পরে গত বছরের ১ অক্টোবর এ সংক্রান্ত একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এরপরেও সম্পদে হিসাব প্রকাশ করা হলো না। এই সরকার কেন দিচ্ছে না—জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা আশা করছি এটা অচিরেই আপনারা দেখতে পাবেন। আমাদের (সরকারের) সময় যখন শেষ হয়ে আসবে তখন আপনারা দেখতে পাবেন।’

সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পদের হিসাব প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আশা করছি আপনারা এটা দেখবেন, সামনে।’

Related Articles

Latest Posts