মেয়েকে অপহরণের মিথ্যা মামলা, বাবার ২ বছরের কারাদণ্ড

মেয়েকে অপহরণ ও গুমের অভিযোগ এনে একই গ্রামের খোকন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন বাবা মজিবুর রহমান (৫৫)। ওই মামলায় প্রায় নয় মাস কারাগারে ছিলেন খোকন। 

পরে মজিবুরের মেয়ে বাড়ি ফিরে এসে জানান, কেউ অপহরণ করেনি তাকে। নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পান খোকন। এবার মিথ্যা মামলা করায় বাদী মজিবুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক গতকাল বুধবার এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় মজিবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন বলে আজ বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি নুরুল কবীর রুবেল।

দণ্ডপ্রাপ্ত মজিবুর কলমাকান্দা উপজেলার গনিয়াগাঁও এলাকার বাসিন্দা।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ জানুয়ারি মজিবুর একই গ্রামের খোকন মিয়ার (৪৫) বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের পর গুম করার অভিযোগে কলমাকান্দা থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা হয়। মামলার পর পুলিশ খোকনকে গ্রেপ্তার করে। 

এর মধ্যে মজিবুরের মেয়ে নিজেই বাড়িতে ফিরে আসেন। তিনি জানান, সৎমায়ের সঙ্গে রাগ করে তিনি ঢাকায় চলে গিয়েছিলেন। সেখানে তিনি কাজ করছিলেন। তাকে কেউ অপহরণ করেনি।

তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৬ মে খোকন আদালত থেকে খালাস পান।

এরপর মিথ্যা মামলা করার অভিযোগে ২০২৫ সালের ৭ জানুয়ারি মজিবুরের বিরুদ্ধে আদালতে মামলা করেন খোকন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলায় ছয়জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মজিবুরকে দোষী সাব্যস্ত করেন আদালত। 

 

 

Related Articles

Latest Posts