গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নে ছুরিকাঘাতে আহত গাজী রাফিজ আহমেদ নামে এক পোশাকশ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হত্যার অভিযোগে আতাউর রহমান (৪২) নামে এক ঝালমুড়ি বিক্রেতা আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতরাত ৯টার দিকে চক্রবর্তী এলাকায় রাফিজ ছুরিকাঘাতে আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে ভোররাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাফিজ (৩৫) খুলনার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
তারিকুল বলেন, ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে কয়েকজন পথচারীর বাগবিতণ্ডা মীমাংসার চেষ্টা করেন রাফিজ। সে সময় আতাউর ক্ষিপ্ত হয়ে রাফিজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আতাউরের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

