শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে হকিতে বাংলাদেশের মধুর প্রতিশোধ

জাপানে চলমান এশিয়ান গেমসে পুরুষ হকির ‘এ’ পুলের ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হকি দল। দাপুটে এই জয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও আয়োজক জাপানের কাছে হেরে এবারের এশিয়ান গেমস শুরু করেছিল বাংলাদেশ। তার ওপর গত এপ্রিলে এশিয়ান গেমসের বাছাইপর্বে এই শ্রীলঙ্কার কাছেই দীর্ঘ ২০ বছর পর হারের তিক্ত স্মৃতি সঙ্গী ছিল দলটির। তবে এবার দাপুটে পারফরম্যান্সে সেই হারের মধুর প্রতিশোধই নিয়েছে বাংলাদেশ।

ম্যাচে শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই আরেকটি পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। দুই মিনিট পর শ্রীলঙ্কার কুসল বিরাপ্পুলি পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমানোর পাশাপাশি কিছুটা প্রতিরোধের আভাস দেন।

তবে বিরতির তিন মিনিট আগে আমিরুল পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করলে আবারও দুই গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ। এরপর পূর্ণ পয়েন্ট অর্জনের পথে আর কোনো বেগ পেতে হয়নি তাদের।

৪৩তম মিনিটে মাহবুব হোসেন পেনাল্টি কর্নার থেকে দলের হয়ে চতুর্থ গোলটি করেন। ফলে ঘুরে দাঁড়ানোর সব রাস্তা বন্ধ হয়ে যায় শ্রীলঙ্কার জন্য। আর শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বড় জয় নিশ্চিত করেন আশরাফুল।

গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। জার্মান কোচ পিটার গেরহার্ডের শিষ্যরা আগামী ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া ও ২৮ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে।

Related Articles

Latest Posts