এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আগের ৪ দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন তার বাবা মাসুম বিল্লাহ মধ্যরাতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

ঘটনার রাতেই গাজী নজরুলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালতে তার ৪ দিনের ও প্রথম স্ত্রী মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা প্রায়ই মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। মরিয়ম টেলিফোনে একাধিকবার তার পরিবারকে বিষয়টি জানিয়েছিলেন।

এর আগে, গাজী নজরুল ও মরিয়মের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই ‘নৈতিক অসদাচরণের’ কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ভিডিওটি ফাঁস করার জন্য ওবায়দুরকে দায়ী করেন নজরুল। বিষয়টিকে কেন্দ্র করে গত ২১ জুলাই নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন ওবায়দুর।

১০ আগস্ট হাইকোর্ট থেকে এ মামলায় ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান গাজী নজরুল।

Related Articles

Latest Posts