নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়।
পরে বেলা ১১টার দিকে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয় বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।
তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে নেতাকর্মীরা টায়ার ও বাঁশ-কাঠ পুড়িয়ে সড়ক অবরোধ করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
বন্দরের এ অংশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে মামলা করেন বুলবুল। মামলায় স্থানীয় কিশোর গ্যাং লিডার শেখ সিফাত ও তার বাহিনীর সদস্যদের আসামি করা হয়। এই মামলার জেরেই সালেহনগর এলাকায় সিফাত ও তার বাহিনীর সদস্যরা বুলবুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন মাছুম বিল্লাহ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন হোয়াটস অ্যাপে এক বার্তায় জানান, হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
থানায় এখনো হত্যা মামলা দায়ের হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

