প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর এবার ম্যাকাইয়ে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভিন্ন চ্যালেঞ্জ। ডারউইনের তুলনায় এখানকার উইকেটে বাড়তি বাউন্স, সঙ্গে পেসারদের সহায়তা করতে পারে বাতাসও। এমন কন্ডিশনে একাদশে পেসার বাড়ানোর ভাবনা স্বাভাবিকই। দ্বিতীয় টেস্টের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথাতেও মিলেছে সেই আভাস।
দ্বিতীয় টেস্টের আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এসে একাদশ নিয়ে সরাসরি কিছু না বললেও চার পেসার খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেননি শান্ত। বরং জানিয়েছেন, স্কোয়াডে থাকা পাঁচ পেসারই প্রস্তুত। উইকেটও তার চোখে ভালো ও স্পোর্টিং মনে হয়েছে, তবে ডারউইনের তুলনায় এখানে বাউন্স একটু বেশি।
চার পেসার খেলানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘উইকেটটা দেখে ভালো মনে হয়েছে। আমরা যে প্র্যাকটিস উইকেটে অনুশীলন করেছি, এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের পাঁচজন পেসার স্কোয়াডে আছে, সবাই প্রস্তুত।’
এর সঙ্গে স্পিনারদের সামর্থ্যের কথাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, দলে থাকা দুই স্পিনার যেকোনো কন্ডিশনেই ভালো বল করার সামর্থ্য রাখেন। ফলে ম্যাকাইয়ের কন্ডিশন বুঝে একাদশ সাজানোর জন্য বাংলাদেশের হাতে একাধিক বিকল্প রয়েছে।
‘পজিটিভ দিক হলো, আমাদের দুইজন স্পিনার আছে, যারা যেকোনো কন্ডিশনে ভালো বল করে। যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেট দেখে দলের জন্য যে সিদ্ধান্তটা ভালো হবে, সেটাই নেব ইনশাআল্লাহ,’ বলেন শান্ত।
অর্থাৎ চার পেসার নিয়ে ভাবনা থাকলেও সিদ্ধান্তটি শেষ মুহূর্তেই নেওয়া হবে, অপেক্ষা করতে হবে টস পর্যন্ত। বিশেষ করে ম্যাচের সকালে উইকেট ও আবহাওয়ার পরিস্থিতি দেখে একাদশ চূড়ান্ত করতে চান শান্ত।
ম্যাকাইয়ের কন্ডিশনে বাতাসও বাংলাদেশের পেসারদের জন্য বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি। বাতাসকে ঠিকভাবে কাজে লাগাতে পারলে বোলাররা বাড়তি সুইং পেতে পারেন বলেও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘বাতাসের কারণে বোলাররা একটু সাহায্য পাবেই। সুইং হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি বোলাররা ব্যবহার করতে পারে, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে।’
ডারউইনে বাংলাদেশের জয়ের অন্যতম বড় কারিগর ছিল বোলিং। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে দুই ইনিংসেই চাপে রেখে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। এবার ম্যাকাইয়ে যদি চার পেসার নিয়ে মাঠে নামে দল, তাহলে সেই পেস আক্রমণই হতে পারে বাংলাদেশের আরেকটি বড় অস্ত্র।
শান্ত জানিয়েছেন, শুধু পেসাররাই নয়, দলের সব বোলিং বিকল্পই প্রস্তুত। শরিফুল ইসলামও সুস্থ আছেন এবং ভালো বোলিং করছেন বলে জানিয়েছেন তিনি। সুযোগ পেলে এই পেসার ভালো কিছু করতে পারবেন বলেও আশাবাদী অধিনায়ক।

