নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পাওয়ায় সাইদুর রহমানকে সম্মাননা দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হয়।
আরএফইডির সদস্য ও সাবেক সভাপতি সাইদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনটির বর্তমান সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা। এসময় সংগঠনের অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর সাইদুর রহমান আরএফইডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করে। ভবিষ্যতেও তিনি সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আরএফইডি সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল বলেন, ‘সাইদুর রহমানের নতুন দায়িত্ব সংগঠনের সদস্যদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।’

