ফেনীর ছাগলনাইয়ায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের মধ্যে উপজেলার শুভপুর ইউনিয়নের মো. সাকিব (১৮) ছাড়া বাকি দুজন কিশোর।
আজ মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আর্থিক সহায়তার কথা বলে রোববার বিকেলে মানসিক প্রতিবন্ধী ওই নারীকে ডেকে ধর্ষণ করে ৩ তরুণ ও কিশোর।
এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় সালিশের অভিযোগও পাওয়া গেছে।
শুভপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোকছেদ আলম ডেইলি স্টারকে বলেন, ‘ধর্ষণের ঘটনায় সালিশ করে মীমাংসার চেষ্টা হয়। আমি সেখানে অংশ নেইনি এবং ওই নারীর পরিবারকে আইনি পদক্ষেপের পরামর্শ দিয়েছি।’
পরে ওই নারীর স্বামী ছাগলনাইয়া থানায় মামলা করেন।
ওসি আবু তাহের বলেন, ‘গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হবে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার সঙ্গে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

